মৌলভীবাজার, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ জানুয়ারির মধ্যে কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়ামসহ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শেষ করা হবে।
শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মৌলভীবাজার সার্কিট হাউজে কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরনো বই ফেরত নেওয়া হবে না বলেও জানানো হয়।
মৌলভীবাজারে কোনো সংসদীয় স্থায়ী কমিটির এটিই প্রথম বৈঠক বলে দেওয়ান ফরিদ গাজী সাংবাদিকদের জানান।
কমিটির সভাপাতি ও গণশিক্ষা মন্ত্রী জানান, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের অগ্রগতি সম্পর্কে সভায় আলোচনা করা হয়।
পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত 'আনন্দ স্কুল'র খারাপ ফলাফল নিয়ে কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।
প্রাথমিক বিদ্যালয়সমূহের পরিত্যক্ত ভবন ও আসবাবপত্র নিলামে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে পাঁচ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
বৈঠক শেষ করে কমিটির সদস্যরা মৌলভীবাজারে কয়েকটি আনন্দ স্কুল পরিদর্শন করেন। তারা এসব স্কুলে পাঠদানসহ সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্কুলগুলোর খারাপ ফলাফলের কারণ তদন্ত করে কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্টদের।
দেওয়ান ফরিদ গাজীর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- কমিটির সদস্য মন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ আতিউর রহমান আতিক, নাজিম উদ্দিন আহমদ, আফাজ উদ্দিন আহমদ, আবদুল মান্নান, খাদিজা খাতুন শেফালি ও জোবেদা খাতুন।
এছাড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো. শহীদ খান, মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ও স্থানীয় সাংসদ সৈয়দ মহসিন আলী বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24