২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ নয়, তানজিম ছুটি নিয়েছেন: সাহারা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ আগামী ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ আগামী ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তানজিমের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রীর পদত্যাগের খবরও নাকচ করেছেন সাহারা খাতুন। সচিবালয়ে নিজ কক্ষে সাহারা সাংবাদিকদের বলেন, "তানজিম আহমেদ গতকাল (সোমবার) ছুটির আবেদন করেছেন। আমি তাতে অনুমোদন দিয়েছি।" মঙ্গলবার একথা জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। সোমবার দিনভর তানজিম আহমদের পদত্যাগের গুঞ্জন ছিল। তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়। বিভিন্ন পত্রিকা বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই প্রতিমন্ত্রী পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে তানজিমের সঙ্গে বিরোধের খবর নাকচ করে সাহারা খাতুন বলেন, "সে (তানজিম) আমার ছেলের মতো। তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। কোনও ধরনের দূরত্ব থাকার প্রশ্নই আসে না।" "পত্রিকায় কী করে এ কথা লিখলো, আমি বুঝতে পারছি না", বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রপ্রবাসী স্ত্রী ও সন্তানদের দেখতে যাওয়ার জন্য তানজিম এক সপ্তাহ আগেই ছুটিতে যেতে চেয়েছিলেন। সোমবার আনুষ্ঠানিকভাবে তানজিম ছুটির দরখাস্ত জমা দেয়।" এর আগে বিডিআর বিদ্রোহের সময়ও তানজিম বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সাহারা জানান, তানজিমের ছুটির দরখাস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। তানজিম সোমবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় দেড় ঘণ্টা ছিলেন তানজিম। শেখ হাসিনার কাছে তানজিম পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। মন্ত্রিসভার বৈঠকেও গতকাল (সোমবার) এ নিয়ে কোনও আলোচনা হয়নি।" সোমবার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তানজিমের মোবাইল বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা চালিয়েও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাহারা খাতুন রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার তানজিম আহমেদের সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়। এরপর থেকে তার সঙ্গে আর দেখা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৩৪৬ ঘ.