ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের জন্য ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্টের চার কর্মকর্তাকে অর্থদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- ব্র্যাক ডেইরির কর্মকর্তা ফয়সাল আজিজ, অধীর চন্দ্র সাহা, মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী।
তাদের বিরুদ্ধে পরিশোধনাগার স্থাপন না করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করার অভিযোগ আনা হয়েছিলো।
চারজনই আদালতে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে বিচারক প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা করেন। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে আদালতের কাছে প্রতিশ্র"তি দেন।
ব্র্যাক ডেইরির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান, ২০০৮ সালের ২০ আগস্ট।
এতে অভিযোগ করা হয়, গাজীপুরের জয়দেবপুর থানায় লক্ষ্মীপুর তিন সড়কে অবস্থিত প্রতিষ্ঠানে তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন না করে এবং পরিবেশগত ছাড়পত্র না নিয়েই অভিযুক্তরা দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য প্রস্তুত করে আসছিলো।
মামলায় বলা হয়, বর্জ্য কারখানার বাইরে গিয়ে পরিবেশ দূষণ ঘটালে পরিবেশ অধিদপ্তর থেকে ব্র্যাক ডেইরিকে নোটিস দেওয়া হলেও তাতে ফল আসেনি।
গত বছরের ৫ মে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
ব্র্যাক ১৯৯৮ সালে তাদের দুগ্ধ খামার প্রতিষ্ঠা করে। এতে প্রতিদিন ৭০ হাজার লিটার দুধ প্রক্রিয়াজাত হয় বলে ব্র্যাকের ওয়েবসাইটে বলা হয়েছে। গাজীপুরের ওই খামার থেকে ২০০৫ সাল থেকে প্যাকেটজাত গুঁড়োদুধও বাজারজাত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫১২ ঘ.
bdnews24