২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিকদের দুঃখ গাঁথা নিয়ে বই

শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের 'পাত্তিওয়ালি' ধনতি রবিদাসের কাছে সকালের নাস্তা মানে লবণ দিয়ে তৈরি দুই মগ চা আর তার সঙ্গে দুই-তিন মুঠ চাল ভাজা। তারপরই তৈরি হয়ে নিয়ে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 06:38 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের 'পাত্তিওয়ালি' ধনতি রবিদাসের কাছে সকালের নাস্তা মানে লবণ দিয়ে তৈরি দুই মগ চা আর তার সঙ্গে দুই-তিন মুঠ চাল ভাজা। তারপরই তৈরি হয়ে নিয়ে তাকে চা বাগানে পৌঁঁছাতে হয় সকাল ৯ টার মধ্যেই। এক কাপ চা আয়েশ করে পান করার সময় কেউই হয়তো মনে করেন না এর পেছনের মানুষগুলোর কষ্টের কথা। চা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মনে করা হয় এ দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষগুলোর অন্যতম। তাদের ওপর শোষণ-বঞ্চনা ও কষ্টক্লিষ্ট জীবন কাহিনী নিয়ে প্রকাশিত হয়েছে 'চা শ্রমিকের কথা' নামে একটি বই। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। গ্রন্থের সম্পাদক গবেষক ফিলিপ গাইন বলেন,"চা শ্রমিকরা শুধু দরিদ্রই নন, তারা দাসত্বের শৃঙ্খলে বাধা চরমভাবে বঞ্চিত একটি প্রান্তিক জনগোষ্ঠী। বৃহত্তর বাঙালি জনগোষ্ঠির সঙ্গে মিশে যাওয়ার সুযোগও তাদের নেই। চা বাগানের গণ্ডীর বাইরে এসে বিকল্প জীবিকার সন্ধান করাও তাদের জন্য অত্যন্ত কঠিন কাজ।" সরকার চা শ্রমিকদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। গবেষণাধর্মী ৩৩৩ পৃষ্ঠার বইটিতে সরেজমিন প্রতিবেদনসহ চা শ্রমিকদের ওপর বিস্তারিত তথ্য-উপাত্ত পরিবেশন করা হয়েছে। এই বইতে ১৭ জন লেখক প্রবন্ধ লিখেছেন। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)- এর উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান। গ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন 'নিজেরা করি' সংস্থার সমন্বয়কারী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, নিু মজুরি বোর্ডের চেয়ারম্যান ইকতেদার আহমেদ, বাংলাদেশ চা সংসদের সদস্য এম শাহ আলম, চা শ্রমিক নেতা তপন দত্ত, রামভজন কৈরী, আদিবাসী নেতা সুছিয়াং প্রমুখ। অনুষ্ঠানে আলোচকরা চা শ্রমিকদের সামাজিক-অর্থনৈতিক অবস্থা ও শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৪৯ঘ.