২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট আমলে সশস্ত্র বাহিনীর ৭৫ কর্মকর্তার চাকুরিচ্যুতি ও অকালীন অবসর

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সশস্ত্র বাহিনীর ৭৫ কর্মকর্তাকে চাকুরিচ্যুত ও অকালীন অবসর দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সশস্ত্র বাহিনীর ৭৫ কর্মকর্তাকে চাকুরিচ্যুত ও অকালীন অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ কার্যে প্রতিরক্ষা বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একে খন্দকার এ কথা জানান। তিনি বলেন, "বিগত জোট সরকারের আমলে সশস্ত্রবাহিনীর ৭৫ জন অফিসারকে চাকুরিচ্যুত এবং অকালীন অবসর প্রদান করা হয়। এরমধ্যে সেনাবাহিনীর ৩৬ জন, নৌবাহিনীর ২৬ জন এবং বিমানবাহিনীর ১৩ জন কর্মকর্তা রয়েছে। ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ কথা জানান। আরেক লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, বর্তমানে শান্তিরক্ষা মিশনে সশস্ত্রবাহিনীর ১০৬৯ জন কর্মকর্তা নিয়োজিত আছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরতরা এখন পর্যন্ত কত টাকার বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর কর্মরত সদস্যদের আয় বাবদ ৫ হাজার ১শ' ৯৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬শ' ৩৭ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩০৩ঘ.