২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় সিগন্যালে যান চলাচলে উন্নতির দাবি

স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ঘটেছে বলে দাবি করা হয়েছে এক সরকারি প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ঘটেছে বলে দাবি করা হয়েছে এক সরকারি প্রতিবেদনে। তবে অধিকাংশ সিগন্যাল বাতি অকোজো হওয়ায় অনেকক্ষেত্রেই ট্রাফিক পুলিশকে হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে উপস্থাপিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, "সিগন্যাল বাতি চালু করার পর ট্রাফিক পুলিশের ওপর চাপ কমেছে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। "কিন্তু অধিকাংশ সিগন্যাল বাতি অকেজো রয়েছে। তাই অনেকক্ষেত্রেই পুলিশের উচিত সিগন্যাল না মেনে হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করা।" অকেজো সিগন্যাল বাতি চালু করতে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও এতে বলা হয়। বলা হয়, নির্ধারিত স্থান ছাড়া যেকোনো জায়গায় যাতে সিটি বাসগুলো যাত্রী ওঠানামা না করতে পারে সে বিষয়টি পর্যবেক্ষণ করছে পুলিশ। দরজা লাগিয়ে বাস চালানোর জন্য চালকদেরকে বাধ্য করার চেষ্টাও চালানো হচ্ছে। আইনভঙ্গের দায়ে মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ জন্য গত বছরের ৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৫শ' ৮৭টি মামলা করা হয়েছে। কমিটির চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাফিক সিগন্যাল বাতি চালু করতে গত বছরের ১৫ নভেম্বর সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে। সুপারিশে বলা হয়, হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করা উচিত না পুলিশের। গত ২১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি পুনঃপ্রবর্তন ও লেন পদ্ধতি চালুর ঘোষণা দেন পুলিশ কমিশনার। এরপর ২২ থেকে ২৮ নভেম্বর পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি পদ্ধতি চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/২১৫২ ঘ.