২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ কর্মীদের হাতে ইউএনও অবরুদ্ধ

প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীরা প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 04:04 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

পঞ্চগড়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীরা প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ইউএনও ও পিআইও'র কক্ষ এবং প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ইউএনও আবু জাফর সাংবাদিকদের জানান, সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদ সদস্য মশিউর রহমান এবং ছাত্রলীগ কর্মী সোহেলের নেতৃত্বে ছাত্রলীগের ১০/১২ জন কর্মী তার কক্ষে আসেন। তারা পুষ্টি প্রকল্পে নিয়োগ নিয়মতান্ত্রিকভাবে হয়নি এবং এজন্য তাদের মনোনীত প্রার্থীরা টিকতে পারেনি বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিয়োগ বাতিলের দাবি জানান তারা। ইউএনও জানান, এভাবে প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রেখে চলে যাওয়ার সময় তারা কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং নোটিশ বোর্ড ভাংচুর করে। প্রত্যদর্শীরা জানান, একই সময় তারা পিআইও মতিউর রহমানের কক্ষে গিয়ে তাকেও হুমকি ধামকি ও গালিগালাজ শুরু করেন। কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে চেয়ার উঠিয়ে মারতে উদ্যত হন। এতে বাধা দিতে গিয়ে অফিস সহকারী আরমান আলী লাঞ্ছিত হন। তার মোবাইল সেটটি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা কক্ষের দুটি চেয়ার ভেঙ্গে ফেলে। বের হয়ে যাওয়ার সময় তার কক্ষেও তালা ঝুলিয়ে দেয় তারা। এরপর ছাত্রলীগ কর্মীরা উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে বাইরের কলাপসিবল গেটে আরেকটি তালা ঝুলিয়ে দেয়। পিআইও মতিউর রহমান সাংবাদিকদের বলেন, "অহেতুক ও অযৌক্তিকভাবে আমাদের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে। এভাবে কাজ করা মুশকিল হয়ে যাবে।" এ ঘটনায় ইউএনও আবু জাফর ছাত্রলীগ কর্মী সোহেলসহ অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তরা ছাত্রলীগের কেউ নয় দাবি করে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, তারা বখাটে। তাদের সঙ্গে সংগঠনের কোন সম্পর্ক নেই। দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসানুল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.