২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা শুক্রবার, বয়ান শুরু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে তাবলিগ জামায়াতের সম্মিলন বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তিনদিনের এই ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:34 PM

Updated : 26 Apr 2022, 12:47 AM

ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তারা আশা প্রকাশ কনেন, এই ধর্মীয় সমাবেশ দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহ্র ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার কাকরাইলের তাবলিগের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বাদ আছর বয়ান করেন দিল্লির মাওলানা আহম্মদ লাট।

৪৬ তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে টঙ্গীমুখী মুসল্লিদের ঢল নেমেছে। বিকালের মধ্যেই ইজতেমা মাঠের নির্ধারিত বিশাল প্যান্ডেল প্রায় পূর্ণ হয়ে ওঠে। অনেক মুসুল্লিকে পলিথিন টাঙ্গিয়ে প্যান্ডেলের বাহিরে অবস্থান নিতে দেখা গেছে।

ইজতেমা মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে পুরো টঙ্গী এলাকা র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ১৩ হাজার নিরাপত্তা কর্মী।

আগের বছরের তুলনায় মুসল্লি বাড়তে পারে বলে এবার ইজতেমায় একটি খিত্তা (মুসল্লিদের জেলাওয়ারি অবস্থান) বাড়িয়ে ৩৩টি করা হয়েছে।

সকাল থেকে মুসুল্লিদের যাতায়তের জন্য তুরাগ নদীতে নির্মিত ৮টি ভাসমান সেতু ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, শৌচাগার সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনদিনের কর্মসূচি

ইজতেমার মুরব্বীরা (নেতা) জানান, কর্মসূচির মধ্যে রয়েছে- কালিমা, নামাজ, ইল্ম ও জিকিরসহ ছয় উসুলের হাকিকত, ঈমান, আমল ও আখলাকের বয়ান, তাশকিল, দরসে হাদিস ও কোরআন, নতুন জামাত তৈরি, যৌতুকবিহীন বিয়ে ও চিল্লায় (৪০ দিনের সফর) নাম লেখানো প্রভৃতি।

খিত্তা

তার দেওয়া তালিকা অনুযায়ী জেলাওয়ারী খিত্তাগুলো হল- ১ থেকে ৬ নম্বর- ঢাকা, ৭ নম্বর- টাঙ্গাইল, ৮- দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়, ৯- পাবনা, ১০- সিরাজগঞ্জ, ১১- রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ, ১২- রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট, ১৩- যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ, ১৪- বগুড়া ও জয়পুরহাট, ১৫- মুন্সীগঞ্জ, ১৬- নরসিংদী, ১৭- নারায়নগঞ্জ, ১৮-পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠি, ১৯- ভোলা, ২০- বরগুনা ও পটুয়াখালী, ২১- খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, ২২- জামালপুর ও শেরপুর, ২৩- কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, ২৪- ময়মনসিংহ, ২৫- নেত্রকোণা, ২৬- কিশোরগঞ্জ, ২৭- ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী, ২৮- শরীয়তপুর ও মাদারীপুর, ২৯- গাজীপুর ও মানিকগঞ্জ, ৩০- সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার, ৩১- চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি, ৩২- নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর ও ৩৩ নম্বর খিত্তা- কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইজতেমা মাঠের উত্তরে নিউ মন্নু মিলস ক্যাম্পাসে হামদর্দ, একটেল, রেনেটা, টঙ্গী পৌরসভা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েক ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এসব ক্যাম্প উদ্বোধন করেন এবং ইজতেমা মাঠ পরিদর্শন করেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, টঙ্গী পৌর সভার মেয়র আজমত উল্যাহ খান, জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম, হামদার্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে করা ক্যাম্পে দায়িত্বরত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল জানান, দুপুর দেড়টা পর্যন্ত ১৪৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। মুসুল্লিদের বেশির ভাগই সর্দি-কাশি, জ্বর, মাথা ব্যাথা নিয়ে তাদের কাছে আসছেন।

গাজীপুরের সিভিল সার্জন মো. সাইদুর রহমান ভূইয়া জানান, টঙ্গীর ৫০ শয্যার হাসপাতালে ৪০টি শয্যা বাড়ানো হয়েছে। এখানে বিষেশজ্ঞ চিকিৎসকসহ ট্রমা ইউনিট, বার্ণ ইউনিট, এ্যাজমা ইউনিট ও কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে।

তিন মুসুল্লিসহ নিহত ৪

ইজতেমা মাঠে দায়িত্ব পালন করতে রাজশাহী পুলিশ লাইন থেকে আসা এক পুলিশ কনস্টেবল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাড়ি চাপায় মারা গেছেন। তার নাম আব্দুস সাত্তার (৫৬)। বাড়ি নওগা সদরের তিলকপুর গ্রামে।

ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯ জানুয়ারি রাজশাহী থেকে ইজতেমায় দায়িত্ব পালন করতে টঙ্গী আসেন সাত্তার। সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় বুধবার রাত ১২টার দিকে একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।

তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা বলতে পারেননি পুলিশ কর্মকর্তা নাহিদ।

টঙ্গী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু জানান, নিহতের লাশ তার গ্রামে পাঠানো হয়েছে।

তিনি জানান, বিকাল ৪টার দিকে টঙ্গীর বাটা গেট সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় ব্রাহ্মণবাড়িয়ার দামুড়গা এলাকার মুসুল্লি মো. মহর আলী (৬০) মারা গেছেন।

এছাড়া ভোলার সদরের সার্কিট হাউস রোড এলাকার মুসুল্লি মো. মোস্তফা (৬৫) ইজতেমা মাঠে আসার পথে মিরপুর এলাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা মাঠে জানাজা শেষে মাঠের কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইজতেমা মাঠে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার মধ্যমাদলী গ্রামের হাজী সালেম মিয়া (৬৫)।

পকেটমার গ্রেপ্তার

ইজতেমা মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাঁচ পকেটমারকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- ফারুক (২৫), মো. নয়ন (২০), হাসমত আলী (৩০), মো. শফিক (২২) ও খাইরুল বাদশা (৫০)।

টঙ্গী হাসপাতালে ভর্তি

ডায়রিয়া এ্যাজমা, উচ্চ রক্তচাপ, বমিসহ বিভিন্ন সমস্যায় বিকাল পর্যন্ত ২৪ জন মুসুল্লি টঙ্গী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মশন নিধন

ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ইজতেমা ময়দানের আশপাশ এলাকায় ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।

ভ্রাম্যমানআদালত

 দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ইজতেমা এলাকার হোটেল এবং খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে নিন্মমানের খাবার বিক্রি ও অপরিচ্ছন্নতার অভিযোগে আটটি মামলা ও পাঁচ হাজার ৭শ' টাকা জরিমানা করেছে।