ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আর কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কার্যকলাপ চলতে দেওয়া হবে না বলে সংসদে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
চট্টগ্রামে অস্ত্রসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক হওয়ার ঘটনায় বৃহস্পতিবার অধিবেশনে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সাহারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতেই জামায়াত- ছাত্রশিবির চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতেই এ ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "অতীতের যে কোনো সময়ের চেয়ে যখন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আমরা যুদ্ধাপরাধের বিচার শুরু করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম যখন শেষ পর্যায়ে- তখনই ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে এ ধরনের অস্ত্র-গোলাবারুদ মজুদ করা হয়েছে।"
মন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, "বাংলার মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কার্যকলাপ হতে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, কঠোর হস্তে তাদেরকে দমন করা হবে।"
গত রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামে আগ্রাবাদের মিস্ত্রীপাড়ায় অবস্থিত ছাত্র শিবিরের নিয়ন্ত্রাণাধীন তিনটি মেসে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
এ সময় পুলিশ সেখান থেকে চারটি রিভলবার, তিনটি এলজি, আধা কেজি বোমা তৈরীর পাউডার, ১১ রাউন্ড কার্তুজ, ১৪ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করে।
সাহারা জামায়াত-শিবির সম্পর্কে আরো বলেন, তারা গত ২৩ বছর ধরে কী ধরনের কার্যক্রম চালিয়েছে তা সবাই জানে। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে রেখেছে। সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শিক্ষা প্রতিষ্ঠান দখলে রাখতেই এ ধরনের অস্ত্রশস্ত্র মজুদ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে জামায়াতের ভূমিকাও তুলে ধরেন।
বিএনপি-জামায়াতের দর্শনের সমালোচনা করে সাহারা বলেন, "মানুষ হত্যার রাজনীতি জনগণ মেনে নেবে না। জামায়াতের চাবি নিয়ে বেহেশতে যাওয়ার বিভ্রান্ত রাজনীতি শেষ হয়ে গেছে ২৯ ডিসেম্বরের নির্বাচনে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এইচএ/২১২৫ ঘ.
bdnews24