২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসুর শিকার আরেক নারীর পরিচয় মিলেছে

পুলিশের জিজ্ঞাসাবাদে চাঁদপুরের আলোচিত রসু খাঁ তার হাতে খুন হওয়া আরেক নারীর পরিচয় জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 02:09 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চাঁদপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের জিজ্ঞাসাবাদে চাঁদপুরের আলোচিত রসু খাঁ তার হাতে খুন হওয়া আরেক নারীর পরিচয় জানিয়েছেন। নিহত এ নারীর নাম জাহানারা। তিনি জামালপুর সদর উপজেলার ঘাড়ামারা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তিনি টঙ্গীর একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের শেষদিনে রসু এই তথ্য দেন। ফরিদগঞ্জের টুবগী এলাকায় অজ্ঞাতনামা এক নারী হত্যা মামলায় গত ১৯ জানুয়ারি রসুকে তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম সাংবাদিকদের জানান, উপজেলার বালিথুবা এলাকার ডিআর নামের একটি খালে এনে জাহানারাকে হত্যা করা হয়। গত বছরের ২১ ফেব্র"য়ারি পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই সময় লাশের সঙ্গে একটি চিরকুটে জাহানারার নাম উল্লেখ ছিল। চিরকুটে আরো লেখা ছিল তিনি মাদ্রাসার ছাত্রী ও বাড়ি জামালপুর। তবে পুলিশ সে সময় তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তিনি জানান, রসুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জাহানারার বাবা-মাকে খবর দিয়েছে। কাল শুক্রবার তারা ফরিদগঞ্জ থানায় এসে ছবি দেখে মেয়েকে সনাক্ত করার কথা রয়েছে। রসুকে শুক্রবার আদালতে হাজির করে জাহানারা হত্যা মামলায় জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি চাইবে পুলিশ। এসআই কাশেম আরো জানান, টুগবী এলাকায় অজ্ঞাত নারী লাশ উদ্ধারের ঘটনায় রসুকে নিয়ে হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করা হয়েছে। এলাকার শোভান গ্রামের একটি নির্জন বাগানের পাশে ছোট খাল চিহ্নিত করা হয়। তবে ওই নারীর নাম পরিচয় বলেননি রসু। এ নিয়ে রসু'র হাতে খুন হওয়া ১০ নারীর মধ্যে চারজনের পরিচয় মিলেছে। বাকি তিনজন হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের পারভীন, সিরাগঞ্জের মেহেদী, মতলবের কোহিনুর। রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপাড়া এলাকা থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তিনি ১০ নারীকে হত্যার কথা স্বীকার আদালতে একাধিকবার জবানবন্দি দেন। এর মধ্যে পুলিশ রসুর বিরুদ্ধে চারটি হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.