চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম ওসমান গণি গ্রেপ্তারকৃত ১২ জনকে বিভিন্ন মেয়াদে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন। এর পরপরই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়।
ওই ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ডবলমুরিং থানার ওসি মঞ্জুরুল হক গত মঙ্গলবার আসামিদের পাঁচদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন জানান।
বৃহস্পতিবার শুনানির পর আদালত গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে একদিন, চারজনকে দুদিন এবং বাকি সাতজনকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
মামলার আইও মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের বিকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।"
তিনি জানান, পাঁচদিনের রিমান্ডের আবেদনে আদালত জামায়াত ইসলামীর কর্মী ডা. একরামকে একদিন, ছাত্র শিবিরকর্মী মহিউদ্দিন, লুৎফর রহমান, মঞ্জুর হোসেন ও মুন্তাসিরকে দুদিন করে এবং গোলাম আজম আব্বাসী, একরামুল হক, আল আমিন মাহমুদ, মিজানুর রহমান, জহির উদ্দিন বাবর, রকিবুল হোসেন ও আরিফ হোসেনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর আগ্রাবাদের মিস্ত্রীপাড়ায় অবস্থিত ছাত্র শিবিরের নিয়ন্ত্রাণাধীন তিনটি মেসে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
এ সময় পুলিশ সেখান থেকে চারটি রিভলবার, তিনটি এলজি, আধা কেজি বোমা তৈরীর পাউডার, ১১ রাউন্ড কার্তুজ, ১৪ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করে।
তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, তাদের কর্মীদের গ্রেপ্তার উদ্দেশ্যপ্রণোদিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৮২০ ঘ.
bdnews24