ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের শুনানি পিছিয়েছে।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনে আগামী ২৪ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছেন।
এ মামলায় খালেদা জিয়া ও তারেকসহ ছয়জন আসামি। তারেক বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24