২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুলিশকে গণপিটুনি, বরখাস্ত ৬

মাদক উদ্ধারের নামে একটি সাজানো ঘটনায় ময়মনসিংহে পুলিশের মারধরে এক পরিবারের ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ময়মনসিংহ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক উদ্ধারের নামে একটি সাজানো ঘটনায় ময়মনসিংহে পুলিশের মারধরে এক পরিবারের ছয়জন আহত হয়েছেন। এ সময় এলাকবাসী দুই পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারের মুক্তিযোদ্ধা রূপচান চৌহানের বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন-উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, কনস্টেবল চান মিয়া, সিরাজ, আলিম উদ্দীন, হাসান ও স্টার ভৌমিক। এর আগে বিকালে ঘটনার প্রতিবাদে এলাকার মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীরা সোহাগী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গৃহকর্তা রূপচান চৌহান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়ি গিয়ে জেলা পুলিশের গোয়ন্দা শাখার (ডিবি) কয়েকজন মুখোশ পরা সদস্য মাদকদ্রব্য আছে বলে লোকজনকে মারধর করতে শুরু করে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে এলাকার লোকজন এসে সাইফুল ইসলাম ও চান মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। অপর চারজন পালিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় তার পরিবারের ছয়জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান। রূপচান চৌহান অভিযোগ করেন, শহরের এক প্রভাবশালী ব্যক্তি তার বাড়ি দখল করার জন্য দীর্ঘদিন থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের ওই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করার জন্যই এ হামলা চালানো হয়েছে। এদিকে গণপিটুনিতে আহত দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। ময়মনসিংহের দুই অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুব্রত কুমার হালদার ও এস এম আক্তরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস এম আক্তরুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় পুলিশকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.