ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমবারের ঘটনায় ছাত্রলীগের সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
এর আগে ছাত্রদল তাদের ওপর হামলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে দায়ী করলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তা অসত্য বলে দাবি করেছিলেন।
বুধবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে নতুন এ অভিযোগ করেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী লেনিন।
লেনিন বলেন, "সেদিনের ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের বক্তব্যে আমরা বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। তিনি তার বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের সুকৌশলে আড়াল করার চেষ্টা করেছেন।"
হামলায় ছাত্রলীগের অংশগ্রহণের একাধিক প্রমাণ থাকা সত্ত্বেও উপাচার্য তা চেপে গেছেন বলে মন্তব্য করেন ছাত্রদলের এ নেতা।
সংবাদ সম্মেলনে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- ২৬ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, ২৮ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ এবং ২ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীদেরও মহড়া দিতে দেখা গেছে।
সংঘর্ষের দিন এক সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে তাদের সঙ্গে নির্ধারিত সৌজন্য সাক্ষাতের সময়ে কার্যালয়ে উপস্থিত না থেকে উপাচার্য প্রমাণ করেছেন তিনিও এ ঘটনায় জড়িত। তবে উপাচার্য তার সঙ্গে ছাত্রদলের পূর্ব নির্ধারিত কোন বৈঠক বা সৌজন্য সাক্ষাত থাকার কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/এসকে/২১৩৫ঘ.
bdnews24