২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬৪ বিডিআর জওয়ানের স্বীকারোক্তি প্রত্যাহার

পিলখানা হত্যাকাণ্ড মামলায় আরো ৬৪ বিডিআর সদস্য আদালতে দেওয়া স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় আরো ৬৪ বিডিআর সদস্য আদালতে দেওয়া স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেছেন। ঢাকা মহানগর হাকিম মুমিনুল হাসান বুধবার এর ওপর শুনানি নিয়ে তাদের আবেদন নথিতে রাখার নির্দেশ দেন। এ ছাড়া একই আদালতে আরো ১৩ বিডিআর সদস্য জামিন চাইলে শুনানির পর বিচারক তা নাকচ করে দেন। শুনানির সময় বিডিআর সদস্যদের আদালতে উপস্থিত করা হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত এই মামলায় দুই হাজার ১৮৭ আসামির মধ্যে ৫২১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে ১৮৬ জন স্বীকারোক্তি প্রত্যাহার করেছেন। বিডিআর সদস্য কাঠমিস্ত্রিী নারায়ণ চন্দ্র দাস ও সিপাহী কামাল হোসেনের আইনজীবী রায়হান মোর্শেদ এবং মজিবর রহমান বলেন, তাদের মক্কেলদের 'নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে' স্বীকারোক্তি করানো হয়েছে। তাই তারা স্বীকারোক্তি প্রত্যাহার করে নিলেন। এ সম্পর্কে ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আলম তালুকদার বলেন, "আদালতে একবার স্বীকারোক্তি করে পরে তা প্রত্যাহার করার আবেদন করলেও এর কোনো সাক্ষ্যগত মূল্য নেই। এতে মামলার কিছুই যায় আসে না। "তবে মামলার বিচারকালে তাদের ওপর নির্যাতনের দাবি সাক্ষীর মাধ্যমে বা বিশ্বস্ততার সঙ্গে প্রমাণ করা গেলে আদালতে স্বীকারোক্তি প্রত্যাখ্যানের মূল্য পাওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/২১১৪ঘ.