২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতি মামলায় ৫ জনের সাজা

ডাকাতি মামলায় চট্টগ্রামে ৫ ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 01:44 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি মামলায় চট্টগ্রামে ৫ ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০২ সালের ১১ নভেম্বর রাতে হালিশহর থানার কর্নেল হাট এলাকায় এক বাড়িতে ডাকাতির জন্য তাদের এ সাজা দেওয়া হয়। বুধবার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূইঁয়া এ রায় দেন। আদালত দণ্ডাদেশপ্রাপ্তদের ২ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও একবছর করে সাজা দেয়। সাজাপ্রাপ্ত মাহফুজুল হক রাসেল, জসিম উদ্দিন, এনামুল হাসান সুমন, মোহাম্মদ শরিফ ও দুলাল মিয়া সবাই পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক শাহেদুর রহমান বাদি হয়ে হালিশহর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর এপিপি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালের সেপ্টেম্বরে অভিযোগ গঠন এবং ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৪০ঘ.