সিলেট, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় বুধবার বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- ওসমানীনগরের এওলাতৈল গ্রামের দিলওয়ার আলী (২৭) ও সৈয়দপুর গ্রামের খালেদ আহমদ (২৬)। আহত জাহার উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চান মিয়া সাংবাদিকদের বলেন, বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজারে সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটির দুই অরোহীর মৃত্যু হয়। আহত হন ওই মোটরসাইকেলের আরেক অরোহী।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮১০ ঘ.
bdnews24