ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খানকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার তার বরখাস্তের আদেশ হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বই বিতরণে বিলম্বসহ নানা ধরণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে।
এনসিটিবির গুদামে আগুন লাগার পরও এ বছরের শুরুতেই বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছে সরকার। তবে কিছু স্থানে বই এখনো পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আগেই সতর্ক করে বলেছিলেন, বই বিতরণে অনিয়ম মেনে নেওয়া হবে না।
সুবোধ ঢালী জানান, রুহুল আমিনের 'অনিয়ম' খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৩৪৯ ঘ.
bdnews24