২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ বদলানোর স্বপ্ন তাদেরও

শারীরিক প্রতিবন্ধিত্ব নিয়েই দেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন এক দল স্কাউটস। মৌচাকে জাম্বুরিতেও অংশ নিচ্ছেন তারা। তাদের কথা শোনাচ্ছেন আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 04:52 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কাউটিংয়ের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা নিজেকে, সমাজকে এবং দেশকে বদলে দিতে চাই। এই শিক্ষা পৌঁছে দিতে চাই দেশের প্রত্যন্ত অঞ্চলে। কথাগুলো এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামের। দশম শ্রেণীর ছাত্র জাহিদুল বরিশালের কীত্তনখোলা ইউপিপিআরপি সমন্বিত প্রতিবন্ধী স্কুলের স্কাউট দলের পেট্রোল লিডার। গত ১৬ জানুয়ারি গাজীপুরের মৌচাকে শুরু হওয়া অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরিতে এসেছে তারা বরিশাল থেকে। তার স্কুল থেকে আরো এসেছেন বাক প্রতিবন্ধী মো. মিরাজ, মানসিক প্রতিবন্ধী সবুজ খান, বুদ্ধি প্রতিবন্ধী মো. সবুজ, শারীরিক প্রতিবন্ধী মাসুদ ও দৃষ্টি প্রতিবন্ধী মিলন। চার বছর বয়সে টাইফয়েডে দু'চোখের দৃষ্টি হারানোর পর জাহিদুল 'ইয়েস বাংলাদেশ' নামের বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে এই প্রতিবন্ধী শিক্ষালয়ে ভর্তি হয়। এখন সে স্বাভাবিক মানুষের মতোই দক্ষতার সঙ্গে অনেক কাজ করতে পারে। জাহিদুলের মতো তার স্কুলের অন্যরাও দেশ গড়ার প্রতিশ্র"তিতে উজ্জ্বীবিত। রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল থেকে আসা ইউনিট লিডার নূর আফসারের দুই পা জন্ম থেকে অচল। ২০০০ সাল থেকে সে স্কাউটিং করছে। হুইল চেয়ারে বসে তাকে সবকিছু করতে হয়। জাম্বুরিতে এসে প্রধানমন্ত্রীকে এত কাছে থেকে দেখতে পেয়ে অন্যদের মতো নূর আফসারও খুব খুশি। অন্য স্কাউটসরা তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করায় তার খুবই ভালো লাগছে বলে জানান। স্কুলের প্রধান শিক্ষক তাপসী চাকমা ও তাদের টিম লিডার প্রতিবন্ধী (বাম হাত নেই) রমেল চাকমার নেতৃত্বে নূরদের স্কুল থেকে এসেছে আরো সাত প্রতিবন্ধী। এদের মধ্যে রূপম দাসের দুই পা বাঁকা হওয়ায় খুব কষ্টে সে চলাফেরা করে। বাবা নেই। মা মানসিক প্রতিবন্ধী। বরিশাল সরকারি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন ও সহকারী শিক্ষক তাদের স্কুলের আট ছাত্র নিয়ে এসেছেন জাম্বুরিতে। তাদের মধ্যে নবম শ্রেণীর ছাত্র মো. শহিদুল ইসলাম দোলন জন্ম থেকে অন্ধ। তার বোনও অন্ধ। চলাফেরা করে খুব কষ্টে। কিন্তু অদম্য ইচ্ছা তাদের এতদূর নিয়ে এসেছে। ২০০৪ সালে যশোরের পুলের হাটে অনুষ্ঠিত স্কাউটের আঞ্চলিক এগোনারি এবং ২০০৫ সালে জাতীয় এগোনারিতেও তারা অংশ নিয়েছিল। এদের মতো ১১৭ জন প্রতিবন্ধী এবার জাম্বুরিতে বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিয়েছে বলে বাংলাদেশ স্কাউটের জনসংযোগ অফিস জানায়। শুধু প্রতিবন্ধীরা নয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬৩ জন পথশিশুও জাম্বুরিতে অংশ নিচ্ছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে জাম্বুরিতে অংশ নিচ্ছে পথশিশু চাঁদ মিয়া, মো. ফিরোজ, মো. শাহিন আলম ও সোহেল মিয়াসহ আটজন। ঢাকার কারওয়ান বাজারে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে লেখাপড়াসহ কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে তারা। তাদের ইউনিট লিডার মো. মামুন উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাহিন আলম ও আফসানা টোকাইয়ের কাজ করত। এখন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে। শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, "পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে আমি মোবাইল সার্ভিসিং, কম্পিউটারের কাজ শিখেছি। স্কাউটিংয়ের মাধ্যমে জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।" বাংলাদেশ স্কাউটের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, জাম্বুরিতে ভারতের ২৭ জন ছাত্রীসহ ১০৩ জন এবং নেপালের ৪০ জন অংশ নিয়েছে। ভারতের মধ্য প্রদেশের গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের ১০ শ্রেণীর ছাত্র হারিওস বীর সিং, ডিভিশনাল রেসিডেনশিয়াল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জুলি ভার্মা, একই স্কুলের ৯ম শ্রেণীর প্রিয়াংকা চৌধুরী নতুন স্থানের বন্ধুদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে তারা খুব খুশি। এখানে তারা বাংলাদেশের বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছে বলে জানায়। তিনি আরো বলেন, এবার জাম্বুরিতে দেশ-বিদেশের ১৩ হাজার স্কাউট অংশ নিচ্ছে। এখানে পাঁচটি ভিলেজে ১৫টি সাব ক্যাম্পে আকর্ষণীয় ও রোমাঞ্চকর ১৪টি চ্যালেঞ্জে তারা অংশ নিচ্ছে। গত ১৬ জানুয়ারি গাজীপুরের মৌচাকে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি আনুষ্ঠানিভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জানুয়ারি জাম্বুরি শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১০৩০ ঘ.