ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ঢাকার পঙ্গু হাসপাতালের (এনআইটিওআর) এর অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।
মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র এক জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী নোটিশে প্রতিমন্ত্রী একথা জানান।
নোটিশে নুরুল ইসলাম বলেন, "পঙ্গু হাসপাতালে কোনো আধুনিক চিকিৎসা নেই। অ্যাক্সিডেন্টের পরে পা কেটে ফেলে চিকিৎসা দেওয়া এখন রেওয়াজে পরিণত হয়েছে। এখানে যত রোগী আসেন প্রত্যেকের সঙ্গে আলাপ করে জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের যে সিন্ডিকেট আছে এদের দাপটে কেউ কথা বলতে পারে না। এমনকি ডাক্তাররাও অসহায়। এরা রোগীদের ওষুধ মেরে দেয়, নানারূপ হয়রানি করে, মানুষের টাকা লুণ্ঠন করছে।"
চট্টগ্রামের ওই সাংসদ নোটিশে লিয়াকত আলী খান নামের একজন রোগীর দুরবস্থার কথা তুলে ধরেন।
নোটিশের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়ানোর চেষ্টা করলে সাংসদরা হৈ চৈ করেন। মুজিবুর রহমান ফকির বলেন, "পঙ্গু হাসপাতালটি একটি বিশেষায়িত হাসপাতাল। এ ধরনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গোচরীভূত হয়নি।"
এসময় অধিবেশনের সভাপতিত্ব্কারী ডেপুটি স্পিকার শওকত আলী অভিযোগটি 'গুরুতর' আখ্যা দিয়ে ঘটনা তদন্তে নোটিশ প্রদানকারী সাংসদকে প্রধান করে একটি কমিটি করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, নুরুল ইসলাম বিএসসি'র নেতৃত্বে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৩০ঘ.
bdnews24