২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশের সামনে কোনও অস্ত্রধারী ছিল না'

অস্ত্র হাতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যুবকদের পরিচয় মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 05:30 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র হাতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যুবকদের পরিচয় মেলেনি। পুলিশ মঙ্গলবার রাত নাগাদ শুধু একজনের পরিচয় জানতে পারার কথা বলেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পুলিশের সামনে কোনও অস্ত্রধারী সন্ত্রাসী ছিল না। যদিও প্রত্যক্ষদর্শীরা এবং টিভিচিত্র ও আলোকচিত্রে ক্যাম্পাসে পুলিশের উপস্থিতিতেই অস্ত্রধারীদের তাণ্ডব দেখা গেছে। অন্যদিকে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ছাত্রদলের দুই পক্ষ ও ছাত্রলীগ অস্ত্রধারীদের দায়িত্ব একে অন্যের ওপর চাপাচ্ছে। ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন মঙ্গলবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বলেন, "ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এতবড় সংঘর্ষ ঘটেছে। ক্যাম্পাসে সন্ত্রাস করে করে তারাই আবার হাস্যকরভাবে ধর্মঘট ডেকেছে, উপাচার্যের পদত্যাগ দাবি করেছে।" ছাত্রলীগ এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয় দাবি করে তিনি বলেন ভবিষ্যতে ছাত্রদল এরকম কোনও ঘটনা ঘটালে তার সংগঠন 'প্রতিহত' করবে। আর এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম বলেন, "ছাত্রলীগ হামলা চালিয়েছে, ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এখানে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কোনও বিষয় নেই। এ কারণে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে তাতে সরকারি দলের কর্মীদের বাঁচিয়ে শুধু ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের আসামী করা হয়েছে। তথাকথিত বিদ্রোহী হিসেবে যাদের চিহ্নিত করা হচ্ছে এখানে আসামী হিসেবে তাদের একজনেরও নাম নেই।" আলিম প্রশ্ন করেন, "তাহলে কে আমাদের ওপর হামলা চালালো, আমরা কাদের প্রতিরোধ করলাম? বিষয়টি স্পষ্ট, ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে।" তবে ছাত্রদলের বিদ্রোহী পক্ষ মঙ্গলবার শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে দায়ী করেছে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিমা আক্তার শিমু। সেখানে অভিযোগ করা হয়, অস্ত্রধারীদের নিয়ে ছাত্রদল সভাপতি টুকু ও সাধারণ সম্পাদক আলিম ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। এসময় ছাত্রদলের 'ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা' তাদের ধাওয়া করে ও টুকুকে গণপিটুনি দেয়। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেন, "আমি ডিসি রমনাকে বলেছি যে সাংবাদিকরা বা অন্যরা দেখে পুলিশের সঙ্গে অস্ত্রধারীরা হাঁটছে কিন্তু সে বিষয়গুলো আপনাদের চোখ এড়িয়ে গেল কেন।" তবে তিনি দাবি করেন পুলিশের সামনে কোনও অস্ত্রধারী সন্ত্রাসী ছিল না। সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, পত্রিকা ও বিভিন্ন টিভি চ্যানেলে আসা অস্ত্রধারীদের ছবিগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া আটজনের নাম উল্লেখ করে যে মামলা হয়েছে সোমবার রাতে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতেও বিভিন্ন সরকারের সময়ে ঘটা বন্দুকযুদ্ধের সময় পুলিশকে 'নিষ্ক্রিয় দর্শকের' ভূমিকায় দেখা গেছে। পুলিশের রমনা জোনের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পত্রিকাগুলোতে ছবি ছাপা হওয়া পিস্তলধারী এক যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম পাশা ও সে ঢাকা কলেজের ছাত্রদল কর্মী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" হামলায় ছাত্রলীগের কথিত সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, "অনেক কিছুই বলা যায় না।" ছাত্রদলের একজন যুগ্ম সম্পাদক বলেন, "সূর্যসেন হলের একজন ছাত্রলীগ কর্মী পুলিশের সামনে লাঠি ঘোরাতে ঘোরাতে টুকু (সভাপতি) ভাইয়ের মাথায় বাড়ি দিল। ওই কর্মী আবার ওই লাঠি ঘোরাতে ঘোরাতেই ছাত্রলীগের সঙ্গে মিছিল করতে করতে চলে গেল। একটি স্যাটেলাইট চ্যানেল ওই ছেলের কর্মকাণ্ড দেখিয়েছে, অনেকে দেখেছে। এরপরও ছাত্রলীগ নেতারা তাদের সম্পৃক্ততা অস্বীকার করতে চায়।" ওই যুগ্ম সম্পাদক বলেন, "বিএনপি ক্ষমতায় থাকতে আমরাও ঠিক এমনটি করতাম যা ছাত্রলীগ এখন করেছে। ছাত্রলীগের বিবদমান গ্র"পগুলোকে আমাদের বিভিন্ন নেতা শেল্টার দিয়ে গেছেন, অস্ত্র-কর্মী দিয়েছেন। ছাত্রলীগ মারামারি করেছে আর ছাত্রদল এই সুযোগে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে।" মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় সোমবারের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশিদকে আহবায়ক করে ৮ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পুরো ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেএফ/প্রতিনিধি/এসকে/২৩১১ঘ.