চাঁদপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে নারী খুনের দায় স্বীকার করে আলোচিত রসু খাঁকে জিজ্ঞাসাবাদের করতে আবারো তিনদিনের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ থানায় নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানিয়েছেন ওসি রনজিত কুমার পালিত।
তিনি জানান, ফরিদগঞ্জে একটি হত্যা মামলায় গত ১৬ জানুয়ারি চাঁদপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আমিরুল ইসলাম তিনদিন হেফাজতে রেখে রসুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম জানান, ফরিদগঞ্জের টুবগী এলাকায় অজ্ঞাতনামা এক নারী হত্যা মামলায় রসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই হত্যাকাণ্ড সম্পর্কে রসু ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে তার পরিচয় সনাক্ত এবং হত্যাকাণ্ডের বিষয়ে আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপাড়া এলাকা থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর তিনি ১০ নারীকে হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে একাধিকবার জবানবন্দি দেন।
এর মধ্যে পুলিশ রসুর বিরুদ্ধে চারটি হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24