ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও পশু খাদ্যে ভেজাল দেওয়া হলে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে 'মৎস্যখাদ্য ও পশুখাদ্য বিল-২০১০' পাস হয়েছে।
মঙ্গলবার ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাস হয়।
এছাড়া এদিন 'মৎস্য হ্যাচারি বিল-২০১০' সংসদে উত্থাপন করা হয়েছে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 'মৎস্যখাদ্য ও পশুখাদ্য বিল-২০১০' সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
সংসদে উপস্থিত না থাকলেও প্রধান বিরোধী দল বিএনপির কয়েকজন সদস্য লিখিতভাবে ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সরাসরি বিলটিতে সংশোধনী ও তা নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। তবে সেসব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলটি গত বছরের ৫ অক্টোবর সংসদে উত্থাপনের পর তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের পর গত ১৩ ডিসেম্বর প্রতিবেদন চূড়ান্ত করে সংসদীয় কমিটি।
বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে মৎস্য চাষ ও প্রাণী সম্পদ উন্নয়নে ব্যবহৃত খাদ্যের মান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। এ কারণে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ফলশ্র"তিতে চিংড়িসহ হিমায়িত খাদ্য রপ্তানিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এবং দেশীয় বাজারে উৎপাদিত পণ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই সংশ্লিষ্ট সব পণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগতমান রক্ষা, পরিবেশ সংরক্ষণ, রোগমুক্ত আমিষের যোগান, রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধির গুরুত্ব বিবেচনা করে মান সম্পন্ন মৎস্য খাদ্য ও পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, আমদানি ও বিপণন নিশ্চিত করতে এই বিল আনা হয়।
নতুন বিল উত্থাপন
মঙ্গলবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সংসদে মৎস্য হ্যাচারি বিল-২০১০ উত্থাপন করেছেন।
দেশের মৎস্য সম্পদের কাক্সিক্ষত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুণগতমান সম্পন্ন রেণু, পোস্ট লার্ভি ও পোনা উৎপাদনের লক্ষ্যে যথাযথভাবে মৎস্য ও চিংড়ি হ্যাচারি স্থাপন ও তার সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান তৈরির জন্য বিলটি আনা হয়েছে বলে মন্ত্রী জানান।
বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে বিলটি যাচাই-বাছাই শেষে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিলে এই আইন অমান্য করার অপরাধে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এইচএ/২১৩১ ঘ.
bdnews24