২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলমহাল ইজারা নীতি পরিবর্তনের প্রস্তাব

নতুন নীতিমালার শর্তের কারণে জলমহাল ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না বলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে নীতি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নীতিমালার শর্তের কারণে জলমহাল ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না বলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে নীতি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন জলমহাল নীতিমালায় মৎস্যজীবীদের সমিতিকে ইজারা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা মঙ্গলবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ভূমি মন্ত্রণালয়ে জাতীয় খাস জমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় জানানো হয়, দেশে বর্তমানে প্রায় ২৮ হাজার জলাশয় ও পুকুর রয়েছে। এ থেকে প্রতি বছর প্রায় ৭১ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়। কিন্তু বর্তমান নীতিমালার কারণে সরকারের এ রাজস্ব আয়ের পরিমাণ কমতে পারে। কারণ নীতিমালার কারণে সব জলাশয় ও পুকুর ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জানান, বর্তমান নীতিমালা একটি মৎস্যজীবী সমিতিকে তিনটি জলমহাল বা পুকুুর ইজারা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলাগুলোতে গড়ে ৫০০'র ওপর পুকুর বা জলমহাল রয়েছে। অথচ কোন কোন জেলায় মৎস্যজীবী সমিতি মাত্র তিনটি। ফলে প্রায় সব পুকুরই ইজারার বাইরে থাকছে। এ অবস্থায় 'মৎস্যজীবী' সমিতির পাশাপাশি 'মৎস্যচাষী' সমিতিকেও ইজারা দেওয়ার বিধান করার সুপারিশ করেন তারা। এ ব্যাপারে মন্ত্রী রেজাউল করিম হীরা জানান, সরকার জলমহালগুলোকে রক্ষা করা এবং পরিবেশ সম্মত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। তবে জলমহাল নীতিমালার অসঙ্গতিগুলো দূর করে এটিকে আরো কার্যকর করা হবে। মন্ত্রী জলাশয় ও পুকুর ভরাট বা এর শ্রেণী পরিবর্তন করা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও সভায় কৃষি জমি রক্ষায় 'জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা ২০০১' কার্যকর করতে খুব শিগগিরই বিধি-বিধান প্রণয়নের নির্দেশ দেন মন্ত্রী। এ ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে যেভাবে আবাসন ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে তাতে কিছুদিনের মধ্যে কৃষি জমি শেষ হয়ে যাবে। তাই কৃষি জমি রক্ষায় কঠোর আইন প্রণয়ন করা হবে। জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা বাস্তবায়নে বিধিমালা করে এটি কঠোরভাবে কার্যকর করা হবে। সভায় সরকারি খাস জমি থেকে দখলদার উচ্ছেদ ও খাস জমি উদ্ধার তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৫২ঘ.