সিরাজগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে ১৮ জন বীরাঙ্গনাকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা, একটি চাদর ও একটি কম্বল দেওয়া হয়।
অনুষ্ঠানে বীরাঙ্গনাদের পক্ষে সূর্য বেওয়া মুক্তিযুদ্ধের সময় তাদের ওপর চালানো হানাদারদের নির্যাতনের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর কেউ আর তাদের খোঁজ নেয়নি।
৪-৫ বছর আগে উত্তরণ মহিলা সংস্থা নামের একটি বেসরকারি সংগঠন তাদের খোঁজ খবর নেয়। এর জন্য তিনি ওই সংগঠনের সভানেত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা, মুক্তিযোদ্ধাদের মত বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, উত্তরণ মহিলা সংস্থার সভানেত্রী সাফিনা লোহানী, সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সোহরাব হোসেন, মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ফেরদৌস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24