ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও কাজের শর্তাবলী নিয়ন্ত্রণে সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মে মাসের মধ্যে এর চূড়ান্ত খসড়া প্রণীত হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী আরো বলেন, "সরকারি কর্মকর্তাদের নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদায়ন ও বদলি, বেতন, অবসরসহ বিভিন্ন কাজের শর্ত নিয়ন্ত্রণে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।"
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ সংসদকে জানান, এ পর্যন্ত একজন সচিবকে বাধ্যতামূলক অবসর এবং সচিব-অতিরিক্তি সচিব পর্যায়ের ২২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এছাড়া পদোন্নতি, প্রশিক্ষণ ও এলপিআরজনিত কারণে আরো ৩৭ জন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, যুগ্মসচিব পদে ৯২ জন, উপ সচিব পদে ৭৩ জন কর্মকর্তা ওএসডি রয়েছেন। পদোন্নতি ও প্রশিক্ষণের জন্য এসব কর্মকর্তা বর্তমানে ওএসডি আছেন।
নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের আরেক প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ৪৯ জন কর্মকর্তা সচিব হিসেবে কর্মরত। এরমধ্যে ১২ জন কর্মকতা ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত আছেন এবং দুইটি পদ শূন্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24