২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আটক জাল মুদ্রা চক্র জঙ্গিদের অর্থ দিয়ে থাকতে পারে'

জাল বিদেশি মুদ্রা তৈরি ও পাচারের অভিযোগে সোমবার রাতে গ্রেপ্তার হওয়া চক্রটি লস্করে তৈয়বাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিকভাবে সহায়তা দেয় বলে আশঙ্কা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল বিদেশি মুদ্রা তৈরি ও পাচারের অভিযোগে সোমবার রাতে গ্রেপ্তার হওয়া চক্রটি লস্করে তৈয়বাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে আর্থিকভাবে সহায়তা দেয় বলে আশঙ্কা করছে পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার একেএম শহীদুল হক এ কথা জানান। সোমবার রাতে ১০ লাখ রুপি জাল ভারতীয় মুদ্রাসহ এ দলের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক। নগরীর মালিবাগের 'মৌবন' হোটেল থেকে গ্রেপ্তার এই তিনজন হলেন পাকিস্তানি নাগরিক মো. দানিশ (৩২), সাব্বির আলী (৫৫) এবং দানিশের স্ত্রী বাংলাদেশী নাগরিক ফাতেমা আক্তার অপি (২৩)। তাদের কাছ থেকে পাকিস্তান এবং বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়। কমিশনার বলেন, "এ চক্রটি জাল মুদ্রা নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে নেপালে যায়। সেখান থেকে তারা ভারতে ঢুকে পড়ে। এসব মুদ্রার একটি অংশ লস্করে তৈয়বাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের পেছনে ব্যয় হয় বলে আমাদের ধারণা।" গোয়েন্দা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনেই তাদের গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে জানানো হয়, এর আগে রুবিনা হোসেন নামে এক পাকিস্তানি নাগরিককে ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া বিমানবন্দরে ওসমান নামে এক ব্যক্তিকে প্রায় দুই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়। এই মামলা তদন্ত করতে গিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করে বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহিদুল হক বলেন, "মুদ্রা পাচার বা জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত এ চক্র বাংলাদেশকে ট্র্যানজিট হিসাবে ব্যবহার করে আসছে।" চক্রটি নিজেদের মধ্যে এফআইসি (ফেক ইন্ডিয়ান কারেন্সি) গ্র"পের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে বলে জানান পুলিশ কমিশনার। গ্রেপ্তারকৃত সাব্বির আলী সাংবাদিকদের বলেন, জাল নোটগুলো তিনি দানিশের কাছ থেকে পেয়েছেন। তবে দানিশ তা তখনি অস্বীকার করেন। অন্যদিকে ফাতেমা আক্তার পপি বলেন, ভারতীয় মুদ্রার বিষয়টি তার স্বামী এবং সাব্বির আলী জানেন। তাদের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে গ্রেপ্তারকৃতদের পুলিশ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে তুলে সাতদিনের রিমাণ্ডের আবেদন করলে বিচারক তিনদিন মঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৯১৫ঘ.