২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলেল শ্রদ্ধা-ভালোবাসায় জ্যোতি বসুকে বিদায়

চোখের জল, ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 12:49 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

বেবী মওদুদ স্যোস্যাল অ্যাফেয়ার্স এডিটর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কলকাতা থেকে কলকাতা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গসহ সারা ভারতের মানুষ চোখের জল, ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো প্রয়াত প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে। বিধান সভা ভবনে শ্রদ্ধা জানানোর পর মঙ্গলবার বিকেলে রবীন্দ্র ভারতীর উল্টো দিকে মোহরকুঞ্জ পার্কে গিয়ে শেষ হয় জ্যোতি বসুর শেষ যাত্রা। সেখানে ২১ বার তোপধ্বনি দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীকে। এর পর এসএসকেএম হাসপাতালে তার দেহ দান করা হয়েছে। জ্যোতি বসুর মরদেহ বহনকারী লাল শকট বিধান সভা ভবন থেকে মোহরকুঞ্জ পার্কে যাওয়ার পথে রাস্তার দুই ধারে লাখ লাখ মানুষের ঢল নামে। লাল সালাম আর লাল পতাকার মধ্য দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো বসু শকটে করে চলেন। অগণিত ভালোবাসার মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। পুরো কলকাতা যেন এক মিছিলের নগরীতে পরিণত হয়। বিধান সভা ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানান। তার আগে সাবেক এই মুখ্যমন্ত্রীর প্রতি প্রতি শ্রদ্ধা জানান ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী এল কে আদবানি, সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়া, সাবেক স্পিকার পি এ সাংমা, কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার, সাবেক মন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সরেন, অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়সহ সর্বভারতীয় নেতারা। বেলা ৩টা পর্যন্ত বিধান সভায় মরদেহ রাখার কথা থাকলেও আড়াইটায়ও ছিলো শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। তার কফিন ভরে ওঠে ফুলে ফুলে। সারিবদ্ধভাবে একে একে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। প্রয়াত নেতার শেষ শ্রদ্ধানুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন ছিল প্রায় ২ হাজার পুলিশ। মরদেহ বিধান সভায় নেওয়ার আগে রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্য সরকারের মন্ত্রীরা। এর আগে সকালে আলিমুদ্দিন রোডে সিপিএম কার্যালয়ে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানায় দলীয় নেতা-কর্মীরা। ওই সময় 'কমরেড জ্যোতি বসু, লাল সেলাম' স্লোগানে মুখর হয়ে উঠে দলের রাজ্য সদরদপ্তর। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা জ্যোতি বসু ৯৫ বছর বয়সে গত রোববার মারা যান। নিজের দেহ হাসপাতালে দান করে যাওয়ায় প্রচলিত নিয়মে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জ্যোতি বসু। এরপর থেকে শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে চলতে হয়। গত বছর লোকসভা নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়লে ভোট দিতে পারেননি এ সিপিএম নেতা। এক যুগ আগে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিলো জ্যোতি বসুর সামনে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তা হয়নি। জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায়। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন। ভারত ফিরে কমিউনিস্ট পার্টির সঙ্গে পুরোপুরি যুক্ত হন তিনি। জ্যোতি বসু ১৯৪৬ সালে প্রথম প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সাল থেকে '৬৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন তিনি। '৬৭ সালে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারের উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন ১৯৭৭ সালের ২১ জুন। জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বাংলাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশেও বেশ কয়েকবার এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এমআই/এইচএ/১৮৪৪ ঘ.