পাবনা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় সোমবার রাতে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছেন মা ও ছেলে। অগ্নিদগ্ধ হয়েছেন আরো দুজন।
রাত ১০টার দিকে উপজেলার মজিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা গ্রামের মনির হোসেনের স্ত্রী-সন্তান।
নিহতরা হলেন- সাহিদা খাতুন (৩৫) ও তার ছেলে সাইফুল ইসলাম (৪)।
সাহিদার অপর দুই সন্তান মনিরা খাতুন (১২) ও সাইদুল ইসলাম (১০) অগ্নিদগ্ধ হয়েছে।
সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মনির হোসেনের বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। মনির হোসেন এ সময় বাড়ি ছিলেন না।
আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫৫ ঘ.
bdnews24