ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন স্থানে ২৫টি মামলার পর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী মঙ্গলবার নিজেই আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
ঢাকার হাকিম আদালতে দায়ের করা এ মানহানির মামলায় মাহমুদুর ছাড়াও বিবাদি করা হয়েছে প্রকাশক হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে।
মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপি তিন বিবাদিকে আগামী ৯ ফেব্র"য়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১৭ ডিসেম্বর আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ এবং উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী ঘুষ নিয়ে বিনা দরপত্রে ৩৭০ কোটি টাকার একটি কাজ যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনকে পাইয়ে দিয়েছেন।
এরপর আওয়ামী লীগ সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে আমার দেশ'র বিরুদ্ধে ২৪টি মামলা করে।
এর ২৪টিতেই মাহমুদুর রহমানসহ অপর তিনজন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন নিয়েছেন বলে আমার দেশ'র আইনজীবী বেলাল হোসেন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৫৪২ ঘ.
bdnews24