ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের আট নেতাকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শাহবাগ থানায় মঙ্গলবার দায়ের করা এ মামলার আসামিদের মধ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের নামও রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক মামলা দায়েরের কথা দুপুরে সাংবাদিকদের জানান।
মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩শ' জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা বাকি সাত আসামি হলেন- ছাত্রদলের সিনিয়র সহ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম টিটু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না এবং সমাজসেবা সম্পাদক মাহবুবুল আলম আজম।
মামলার বাদি হয়েছেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন। এজাহারে ওই সংঘর্ষের জন্য ছাত্রদল নেতা-কর্মীদের দায়ী করা হয়।
সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন।
এর প্রতিবাদে মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিলো কম, ক্লাসও হয়েছে হাতেগোনা। তবে পরীক্ষাগুলো চলছে। ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।
এদিকে ছাত্রদল সভাপতির ওপর হামলার জন্য সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করলেও তা নাকচ করেছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন, স্কুল বিষয়ক সম্পাদক ইশতিয়াক নাসির, আইন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তারা আবার ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়।
বিভিন্ন বিভাগ ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দেখেছেন, অন্যান্য দিনের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। ক্লাসও হয়েছে অল্প কয়েকটি বিভাগে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো মঙ্গলবার যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গত ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটিতে স্থান না পাওয়া নেতারা বিক্ষোভ জানিয়ে আসছিলো। তারা বেশ কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশও করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এলএইচ/এফএফ/এমআই/১৫১০ ঘ.
bdnews24