২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ধর্মঘটে ক্লাস ব্যাহত

ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম, ক্লাসও হয়েছে হাতেগোনা। তবে পরীক্ষাগুলো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 06:02 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম, ক্লাসও হয়েছে হাতেগোনা। তবে পরীক্ষাগুলো চলছে। ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। সোমবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আহত হওয়ার পর মঙ্গল ও বৃহস্পতিবার এ ধর্মঘট ডাকা হয়। বুধবার সরস্বতী পূজার ছুটি। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন, স্কুল বিষয়ক সম্পাদক ইশতিয়াক নাসির, আইন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তারা আবার ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বিভিন্ন বিভাগ ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দেখেছেন, অন্যান্য দিনের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। ক্লাসও হয়েছে অল্প কয়েকটি বিভাগে। শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের অল্প কয়েকটি বাস ছেড়েছে সকালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো মঙ্গলবার যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫৫ ঘ.