রাজশাহী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে রাজশাহী বাগমারা উপজেলায় রায়পুর গ্রাম থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের 'আব্বু বাহিনী'র সদস্য বলে জানান।
এরা হলেন- রায়পুর গ্রামের আজাহার আলীর ছেলে মজনু রহমান (১৭) ও আতাব আলীর ছেলে শাহীন আলম (১৫)।
বাগমারা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সংগঠনের নামে এলাকায় চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে এই দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে কখনো 'আব্বু বাহিনী' আবার কখনো 'আব্বু পার্টি'র হয়ে এলাকায় সদস্য এবং অস্ত্র সংগ্রহ করছিলেন বলে জানান।
তবে রোববার বিকাল থেকে সোমবার পর্যন্ত তাদের নিয়ে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।
আটকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত ২ জানুয়ারি এই বাহিনীর অত্মপ্রকাশ হয়। ইব্রাহিম হোসেন নামের একজন এই বাহিনীর প্রধান। তার বাড়ি নাটোর সদর উপজেলার কানাইখালীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24