চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা ও কক্সবাজারের মহেশখালী থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, মহেশখালী পুরান বাজার এলাকার সালাউদ্দিন কাদের সুজন ও কক্সবাজার সদরের বাহার ছড়া এলাকার বদিউল আলম।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৯ টার দিকে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে ৪টি দেশি বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
বদিউল কক্সবাজারের বাহারছড়া থেকে এসব অস্ত্র বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসছিলো বলেও জানান তিনি।
অপরদিকে র্যাব-৭ এর অপর একটি দল কক্সবাজারের মহেশখালী উপজেলাধীন পুরান বাজার মাতার বাড়ি এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও ২৪১ রাউন্ড গুলি এবং অস্ত্রসহ সালাউদ্দিন কাদের সুজনকে গ্রেপ্তার করে।
সুজনের বাড়ি হতে ১২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল, ১০টি কুড়াল, গুলির বেল্ট ১টি, ১২টি বড় ছুরি, ৩টি হাতুড়ি ও ৩০টি লাঠি উদ্ধার করার কথাও জানান র্যাব কর্মকর্তা সাজ্জাদ।
এ ঘটনায় নগরীর বাকলিয়া ও কক্সবাজারের মহেশখালী থানায় দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৫৩ ঘ.
bdnews24