মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশা কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পদ্মা নদীবক্ষে আটকা পড়ে চারটি ফেরি।
রোববার দিবাগত রাত ৩টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট লেগে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘন কুয়াশার কারণে চ্যানেলের নির্দেশক বাতি দেখা যাচ্ছিল না। এ কারণে রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ সময় যাত্রী ও যানসহ রো রো ফেরি শাহ মখদুম, রানীগঞ্জ, রায়পুরা ও টাপলু মাঝ পদ্মায় নোঙর করে থাকতে বাধ্য হয়।
এছাড়া মাওয়া ঘাটে কর্ণফুলী, যশোর ও থোবাল এবং কাওড়াকান্দি ঘাটে রো রো ফেরি ভাষা শহীদ বরকত, যমুনা ,লেন্টিং, করবী ও রানীক্ষেতসহ মোট নয়টি ফেরি ঘাটে নোঙরে ছিল।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ঢাকা-খুলনা মহাড়কের উভয় ফেরি ঘাটে পাঁচ শতাধিক যান আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর যানজট স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24