২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাউল উৎসব প্রতিরোধের হুমকি

সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব প্রতিরোধের হুমকি দিয়েছে স্থানীয় 'ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি' নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 01:30 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব প্রতিরোধের হুমকি দিয়েছে স্থানীয় 'ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি' নামের একটি সংগঠন। সোমবার বিকালে দিরাই উপজেলা সদরে সমাবেশ করে তারা এই হুমকি দেয়। উপজেলা সদরের বিএডিসি মাঠে আগামী ২৯ জানুয়ারি তিনদিনের এই উৎসব শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিরোধের হুমকি দেওয়া হলেও উৎসব আয়োজনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে উদযাপন কমিটি। কমিটি বলেছে, ওলামাসহ সবার সঙ্গে আলোচনা করেই উৎসবের আয়োজন করা হয়েছে। এখন বিরোধিতা করলেও কিছু করার নেই। উৎসব হবে। গত ডিসেম্বরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাউল করিম লোক উৎসবও 'ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি'র হুমকির কারণে বাতিল হয়ে যায়। সোমবার বিকাল সাড়ে ৩টায় উৎসব বন্ধের দাবি জানিয়ে ওই সংগঠনটি দিরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে লোক উৎসবের নামে নৈতিকতা ও ইসলাম বিরোধী কার্যকলাপের যে কোনো আয়োজন প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা নূর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোক উৎসব বা অন্য কোনো উৎসবের নামে অশ্লীলতা মেনে নেওয়া হবে না। আমরা তা প্রতিরোধ করব।" বাউল করিম লোক উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, "আমরা উৎসব উদযাপন কমিটির সভায় এলাকার আলেম ওলামাদের দাওয়াত দিয়েছি। "তাদের সম্মতি নিয়েই উৎসবের আয়োজন করা হয়েছে। এরপরও বিরোধিতা করলে করার কিছু নেই। আমাদের উৎসব হবেই।" উদযাপন কমিটি উৎসব সফল করার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উৎসবে ফকির আলমগীর, বারী সিদ্দিকী, মমতাজ বেগমসহ বেশ কয়েকজন শিল্পী অংশগ্রহণ করবেন বলে উৎযাপন কমিটি জানায়। বাউল সম্রাট শাহ আবদুল করিম গত বছর ১২ সেপ্টেম্বর মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.