২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহতলী রেলস্টেশনের কার্যক্রম ফের বন্ধ

চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী স্টেশনটির কার্যক্রম আবারো বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 01:05 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

চাঁদপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী স্টেশনটির কার্যক্রম আবারো বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং ক্লার্ক জিয়াউল হক সোমবার ভোরে কর্মস্থল ত্যাগ করায় কাজ বন্ধ হয়ে যায় বলে স্টেশনের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। শাহতলীর স্টেশন মাস্টারকে অন্যত্র বদলি করায় গত ১১ ও ১২ জানুয়ারি কার্যক্রম এক দফা বন্ধ ছিল। ওই সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ চাঁদপুর-লাকসাম রেলরুটের উয়ারুক স্টেশনের কার্যক্রম বন্ধ রেখে সেখানে কর্মরত বুকিং ক্লার্ক জিয়াউল হককে শাহতলীর স্টেশন মাস্টারের দায়িত্ব দেওয়া হয়। রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহতলী রেলস্টেশন মাস্টারের দায়িত্বে থাকা কর্মকর্তার স্টেশন ত্যাগের বিষয়ে আমি কিছুই শুনিনি। এ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।" এর আগে তিনি জানিয়েছিলেন, চট্টগ্রাম অঞ্চলের অর্ধেক স্টেশনেই লোকবলের তীব্র সংকট রয়েছে। ৪০ ভাগ রেলস্টেশরের স্টেশন মাস্টার ও বুকিং ক্লার্ক নেই। রয়েছে চালক সংকটও। লোকবল সংকটের কারণে একেক সময় একেক স্টেশনে কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। ১০টি'র বেশি স্টেশনে এই অবস্থা চলছে বলেও ইব্রাহিম খলিল জানিয়েছিলেন। শাহতলী রেলওয়ে স্টেশনের কর্মচারী আবুল খায়ের বলেন, স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা জিয়াউল হক সোমবার ভোরে আন্তনগর চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেসে করে চলে গেছেন। গত রাতে তিনি চিতোষী রেলস্টেশনের মাস্টার তপন কুমার মিত্রের কাছে স্টেশনের চাবি দিয়ে আসেন। এরপর থেকে এই স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। তিনি বলেন, স্টেশন মাস্টার কোথায় গেছেন সে সম্পর্কে তারা কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.