২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় নতুন ভূমি সংরক্ষিত বনাঞ্চল হবে

উপকূলীয় এলাকায় নতুন জেগে ওঠা জমিতে সংরক্ষিত বন সৃষ্টি করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 11:14 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উপকূলীয় এলাকায় নতুন জেগে ওঠা জমিতে সংরক্ষিত বন সৃষ্টি করবে সরকার। মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। উককূলীয় এলাকায় নতুন ৪ লাখ একর জমি জেগেছে জানিয়ে আজাদ বলেন, "এসব জেগে উঠা জমি ভূমি মন্ত্রণালয়কে আগে হস্তান্তর করে বনায়নের জন্য ব্যবস্থা নেওয়া হবে।" আজাদ জানান, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী উপকূলে ১২ লাখ ৩০ হাজার একর জমি বনায়নের জন্য সংরক্ষিত করা হয়। এবার তা আরো বেড়েছে। আজাদ বলেন, "বন উজাড়ীকরণ প্রক্রিয়া রোধে সরকার বনায়নের নামে বনাঞ্চল দখল এবং বন উজাড়ীকরণ প্রক্রিয়া রোধে এ প্রকল্প হাতে নিয়েছে।" এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ব্যক্তি মালিকানায় বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক বিমান/নৌ/স্থলবন্দরসমূহে শুল্কমুক্ত বিপণির জন্য স্থান ইজারা প্রদানের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মালদ্বীপ ও গ্রীস সফরের বিষয়ে বৈঠকে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, "মালদ্বীপে প্রায় ২০ হাজার অবৈধ বাংলাদেশি এবং গ্রীসেও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যা নিরসনে এ সফরে মন্ত্রী সমাধান করে এসেছেন।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জিএনএ/১৭০৬ঘ.