ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানির তারিখ সোমবার একদিন পিছিয়েছে।
প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবারের নির্ধারিত শুনানিতে মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করে।
রোববার দেলোয়ারের পক্ষে টিএইচ খান এবং অন্য তিন আইনজীবীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পৃথকভাবে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৮ সপ্তাহের জন্য শুনানি পেছানোর আবেদন করেন।
সোমবার শুনানিতে তাদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, "আমরা এখন শুনানির জন্য প্রস্তুত নই। এর জন্য সময় দরকার।"
এরপর আদালত একদিন সময় মঞ্জুর করেন।
শুনানিতে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, "একটা রাজনৈতিক উদ্দেশে নিয়ে এই বিষয়টি আদালতে নিয়ে আসা হয়েছে। তারা সময় চেয়ে আবেদন করেছেন যাতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর ব্যাহত হয়।"
গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে।
এরপর ৫ জানুয়ারি পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করেন দেলোয়ার। তবে তিনি এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।
পাশাপাশি খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবীর দুটি আপিল আবেদন (লিভ টু আপিল) শুনানির জন্য ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার।
হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল।
হাইকোর্ট আলোচিত ওই রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়।
রায়ের বিরুদ্ধে তৎকালীন বিএনপি সরকার আপিল আবেদন করলেও বর্তমান সরকার ওই আবেদন প্রত্যাহারের আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এজে/জিএনএ/জিএনএ/১৭০৩ঘ.
bdnews24