নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আর বারদী আসা হল না।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে জ্যোতি বসুর পৈত্রিক বাড়িতে যাদুঘর, সংগ্রহশালা ও গ্রন্থাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে দিয়েই এই কমপ্লেক্স উদ্বোধন করার কথা ছিল।
রোববার দুপুরে তিনি মারা গেছেন।
জ্যোতি বসুর মৃত্যুতে তার শৈশবের স্মৃতিবিজড়িত বারদীতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে গ্রামের লোকজন বারদীর বাড়িটিতে ভিড় জমায়।
১৯১৪ সালে কলকাতায় জ্যোতি বসু জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে একনাগাড়ে ২৩ বছর ওই দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যগত কারণে ২০০০ সালে স্বেচ্ছায় সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।
তার শৈশবের একটা অংশ কেটেছে মেঘনা নদীর তীরে সোনারগাঁওয়ের চৌধুরীপাড়া গ্রামে। এখানে এখনো তাদের পুরনো আমলের কারুকার্যময় দোতলা বাড়িটি আছে।
শহীদুল্লাহ (৭৫) নামের একজন ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি বাড়িটির দেখশোনা করেন।
চৌধুরীপাড়া গ্রামে দুই একর চার শতাংশ জমির ওপর নির্মিত বসুদের এই দোতলা বাড়ি। এর নিচতলায় রয়েছে দুটি কক্ষ ও একটি বৈঠকখানা, ওপরতলায় দুটি কক্ষ ও একটি বসার ঘর। এছাড়া বাড়ির বিশাল এলাকায় রয়েছে পুকুর ও নানা ধরনের গাছপালা।
১৯৪০ থেকে '৪২ সাল পর্যন্ত তার বাবা-মা এই বাড়িতে থাকতেন। এর পর তারা কলকাতা চলে যান। জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু ছিলেন চিকিৎসক। পাশাপাশি ব্যবসাও ছিল তার। কলকাতা থেকে তিনি প্রায়ই গ্রামে বেড়াতে আসতেন। এ সময় তার সঙ্গে জ্যোতি বসুও আসতেন।
ডা. নিশিকান্ত বসু চৌধুরীপাড়া গ্রামের খিরোধা সুন্দরীর মেয়ে হেমালতাকে বিয়ে করেন।
এ বাড়িটি ছিল জ্যোতির বসুর নানী খিরোধা সুন্দরীর। ছোটবেলায় জ্যোতি বসুর মা হেমলতা বসু মারা গেলে শহীদুল্লার মা আয়াতুন নেছা তাকে দেখভাল করতেন। পরে তার ছেলে শহীদুল্লাহকে এই বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়।
জ্যোতি বসু সমাজকল্যাণ পরিষদের সভাপতি শহীদুল্লাহর ভাইপো ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বাড়িটি জ্যোতি বসুর নানা শরৎচন্দ্র দাসের। জ্যোতি বসুর বাবা ডা. নিশিকান্ত বসু এলাকায় এন.কে. বসু নামে পরিচিত ছিলেন। তিনি ছুটিতে এখানে বেড়াতে এলে বিনামুল্যে রোগীদের চিকিৎসা করতেন। বাবার সঙ্গে জ্যোতি বসুও আসতেন মাঝেমধ্যে।
ইউসুফ আলী বলেন, জ্যোতি বসুর ভাই সুরেন্দ্র কিরণ বসু ও বোন সুধা দত্ত বসু। জ্যোতি বসু ছিলেন সবার ছোট।
বর্তমানে সোনারগাঁওয়ে জ্যোতি বসুর কোনো আত্মীয়স্বজন নেই বলে তিনি জানান।
ইউসুফ আরো জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্রথম ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি ও পরে ১৯৯৭ সালের ১১ নভেম্বর এখানে এসে বেশ কিছু সময় কাটান।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সংস্কৃতি মন্ত্রণালয় জ্যোতি বসুর স্মৃতিবিজড়িত বাড়িটিকে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে এখানে যাদুঘর, সংগ্রহশালা ও গ্রন্থাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়।
২০০৯ সালের ১৫ জুলাই জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের জ্যোতি বসুর বাড়ি পরির্দশন করে এ ঘোষণা দেন।
ওইদিন তিনি বলেছিলেন, সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দিয়েই এই যাদুঘর কমপ্লেক্সটি উদ্বোধন করা হবে। বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড রয়েছে। এটি সংরক্ষণ, সংস্কার এবং যাদুঘর ও গ্রন্থাগার স্থাপন ছাড়াও জ্যোতির বসুর নামে রাস্তার নামকরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
বারদী বাজার এলাকার ব্যবসায়ী স্বদেশ চন্দ্র দাস বলেন, "জ্যোতি বসু আমাদের গর্ব। তার কারণেই দেশ-বিদেশে বারদীর নাম আলোচিত হচ্ছে। তাই আমাদের দাবি জ্যোতি বসুর স্মৃতি রক্ষার্থে তার বাড়িতে দ্রুত কমপ্লেক্স নির্মাণ করা হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24