শরীয়তপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুর সদর উপজেলায় শিক্ষক হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লক্ষ্মীর মোড় নামক স্থানে স্থানীয় চিকন্দী শরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান হালিম মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক ব্যক্তিকে আসামি করে পালং (সদর) থানায় হত্যা মামলা করেছেন শিক্ষক সামাদের স্ত্রী।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার চিকন্দি শরফ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পালং থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল হালিম মোল্লাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।
ওসি রবিউল আলম এ ব্যাপারে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চিকন্দি শরফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক হারুন অর- রশীদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, সদর উপজেলা কমিটির সভাপতি আবদুল মালেক খান, সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, জাজিরা উপজেলার সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জি এম নুরুল হক প্রমুখ।
আগামীকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোক র্যালি, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং মঙ্গলবার সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24