২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীর বিচার দাবি

বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব এম হারুন অর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 06:13 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

পঞ্চগড়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব এম হারুন অর রশীদ। এর কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, "তা না হলে অন্য কোনো সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে না।" পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় সাবেক সেনা প্রধান হারুন এ কথা বলেন। ফোরামের জেলা সমন্বয়কারী সায়খুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাইদুজ্জামান তারা, এসএম লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন। সভায় মুক্তিযোদ্ধা ছাড়া বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সদস্যও উপস্থিত ছিলেন। এম হারুন অর রশীদ সাবধান করে দিয়ে বলেন, "বিচার শুরু হলে যুদ্ধাপরাধীরা দেশকে অস্থিতিশীল করতে তৎপর হয়ে উঠবে। এখনো তারা বসে নেই।" তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে একাত্তরের মতো আবারো একাত্ম হওয়ার আহ্বান জানান। ' সালাহউদ্দিন কাদের চৌধুরীর মতো যুদ্ধাপরাধীদের' বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় ফোরামের জেলা কমিটি স্থগিত করে মুক্তিযোদ্ধা সায়খুল ইসলামকে আহবায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.