২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ১২ রুটে বাস ধর্মঘট শুরু

নীলফামারীর অভ্যন্তরীণ ১২টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 03:37 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

নীলফামারী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর অভ্যন্তরীণ ১২টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। দূরপাল্লার বাসে স্থানীয় রুটের যাত্রী পরিবহনের প্রতিবাদে শনিবার সকাল থেকে এই ধর্মঘট ডেকেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। তবে ধর্মঘট চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মালিক সমিতির সভাপতি শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, দূরপাল্লার বাসগুলো যেখানে সেখানে থামিয়ে স্থানীয় রুটের যাত্রী তুলছে। এতে অভ্যন্তরীণ রুটের বাস ও মিনিবাসের যাত্রী হ্রাস পেয়েছে। এতে মালিক-শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, বিআরটিসি'র বাসসহ দূরপাল্লার বাসগুলো স্থানীয় রুটের যাত্রী পরিবহন বন্ধ না করা পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটের কারণে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী থেকে সৈয়দপুর, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ, রংপুর, লালমনিরহাটসহ ১২টি রুটের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। নীলফামারী শহরের আনন্দবাবুর পুল বাসস্ট্যান্ডে ইটাখোলার হাসান, মাস্টারপাড়ার শাহিনসহ আরো কয়েকজন যাত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাস মালিকরা আগে ঘোষণা না দিয়েই ধর্মঘট শুরু করেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা কেউ ভাবেন না। ধর্মঘট প্রত্যাহার করতে মালিক সমিতিকে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে কিনা জানতে চাইলে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক সমিতি নিজেদের মধ্যে বৈঠক করছে। তারা সিদ্ধান্ত নিতে না পারলে প্রশাসন হস্তক্ষেপ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.