নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় একটি বাড়িতে হামলা ও ভাংচুর হয়।
আহতদের মধ্যে রয়েছেন- কবীর ভূঁইয়া (৫৫), তার স্ত্রী হাজেরা বেগম (৫৫), ছেলে আল-আমিন (২৫) ও মহসীন (৩৪), শেফালী (২৪), নূর মোহাম্মদ (৭০) ও নূর জাহান (৪২)।
তাদের মধ্যে হাজেরা বেগম, আল-আমিন ও মহসীনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার মারুয়াদী গ্রামের কবীর ভঁইয়া ও নূর মোহাম্মদ ভূঁইয়া সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে বাড়ির সাড়ে চার শতাংশ জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
সকালে নূর মোহাম্মদ ২০/২৫ জন লোকসহ ওই জমি দখল করতে গিয়ে কবীর ভূঁইয়ার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24