রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রশিবির সভাপতি শাহনেওয়াজ ইফতিখার স্বচ্ছকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের সিলসিলা রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিহার থানার ওসি তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, ২০০৮ সালের ২০ আগস্ট ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর বাজারে ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশসহ অর্ধশত লোক আহত হয়।
স্বচ্ছকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।
এদিকে, স্বচ্ছকে গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে তার মুক্তির দাবিতে বাদ জুম্মা শিবির নেতাকর্মীরা বিনোদপুরে বিক্ষোভ করেছে।
রাবি শাখা শিবির সভাপতি শাসুল আলম গোলাপের দাবি, হয়রানি করার জন্য স্বচ্ছকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24