ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট এলাকায় শুক্রবার সকালে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর পর গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।
সকালে গুরুতর আহত অবস্থায় তাসলিমা (২৫) নামের ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গৃহকর্তার পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হলেও পুলিশের ধারণা তাকে খুন করা হয়েছে।
গৃহকর্তা এসএম রুবেলকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ফার্মগেট এলাকায় পশ্চিম তেজতুরী বাজারের ৪২/বি নম্বর বাড়ির চার তলায় কাজ করতেন তাসলিমা। সকাল সোয়া নয়টার দিকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমসহ তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পরেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তাসলিমার গ্রামের বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
গৃহকর্তা এসএম রুবেল পুলিশকে জানিয়েছেন, আত্মহত্যার উদ্দেশ্যে তাসলিমা চার তলার বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
উপ-পরিদর্শক বলেন, "গৃহকর্তার কথা বিশ^াসযোগ্য নয়। কারণ চারতলায় গ্রিলের যে ফাঁকের কথা তিনি বলেছেন, ওই জায়গা দিয়ে পূর্ণ বয়স্ক একজন মানুষের দেহ বের হবে না। তাছাড়া তাসলিমার শরীরে আঘাতের চিহ্নগুলোও সে দাবির যৌক্তিকতা প্রতিপন্ন করে না। ময়না তদন্তের পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।"
পুলিশ কর্মকর্তা আরো জানান, গহকর্তাকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ থেকে নিহতের অভিভাবক আসছে। তারা এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২০৬ ঘ.
bdnews24