২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিষ জবাই করে ভোজ দিলেন সেই চেয়ারম্যান

লোকজন নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার পরদিন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিষ জবাই করে ভোজ দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লোকজন নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার পরদিন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিষ জবাই করে ভোজ দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। শুক্রবার দুপুরে চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়া তার চাচাতো ভাই এজাহার মল্লিকের বাড়িতে এই ভোজ দেন। ভোজে অষ্টগ্রাম থানার ওসিসহ কয়েকজন সদস্য যোগ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার কাস্তল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একটি সেচ প্রকল্পের পরিচালনা নিয়ে বিরোধের জেরে চেয়ারম্যান সাজনের নেতৃত্বে তার লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর গ্রামের শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে স্থানীয়রা জানান। কাস্তল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজনের লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে। আজ (শুক্রবার) তারা মহিষ জবাই করে পুলিশ নিয়ে ভোজ উৎসব করেছে। তিনি জানান, ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যকে এজাহার মল্লিকের বাড়িতে যেতে দেখা গেছে। ইউপি সদস্য আশু মিয়া জানান, ভোজের জন্য ৮০ হাজার টাকায় দুটি মহিষ কেনা হয়। এদিকে ঘটনার একদিন পরও থানায় কোনো মামলা হয়নি। জড়িতদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এমনকি গুলি করার ঘটনায়ও কোনো মামলা হয়নি। অষ্টগ্রাম থানার ওসি আব্দুর রউফ প্রধান ভোজে যোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। কেউ মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গোলাগুলির ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান। হামলায় গুলিবিদ্ধ রানতি মিয়াকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং জান্নাতুল ফেরদৌসকে (৪) বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফজলু (৩৫), কিরণ (৩৩), মবিন (২২), মাজু মিয়া (৫৮) ও বাদলকে (২৮) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আহত চারজনসহ অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেচ প্রকল্পের সাবেক ব্যবস্থাপক খায়রুল আলম খন্দকার জানান, সাজনের লোকজন গ্রামের লোকজনকে অবরুদ্ধ করে রেখেছে। তারা থানায় যেতে পারছেন না, মামলাও করতে পারছেন না। ইউপি চেয়ারম্যান সাজন উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.