পাবনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে চরমপন্থী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) আঞ্চলিক নেতাসহ দুজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার বড় মঙ্গল গ্রামের একটি মাঠে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জনযুদ্ধ'র পাবনা অঞ্চলের কমান্ডার শাজাহান আলী ওরফে কুইজা শাজাহান (৩৮) ও রফিকুল ইসলাম ওরফে রফিক (৩০)।
শাজাহান উপজেলার নুরদহ গ্রামের রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। রফিকের বাড়ি সদর উপজেলার গয়েশবাড়ী বড় মঙ্গলগ্রামে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা বানাতে গিয়ে শাহজাহান ও রফিক মারা গেছেন।
শাজাহান সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম দীপু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
তিনি জানান, এ ব্যাপারে ফরিদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) কয়েকজন সদস্য সন্ধ্যায় ৬টার দিকে ফরিদপুর উপজেলার বড় মঙ্গল গ্রামের মাঠে বোমা বানাচ্ছিল।
এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে শাজাহান ঘটনাস্থলেই মারা যান। রফিককে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24