চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে বিডি ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির হিমাগার ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পুড়ে গেছে।
এতে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
বৃহস্পতিবার রাতে সাগরিকা রোডে বিডি ফুডসের কারখানায় আগুন লাগে। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পবন কুমার তালুকদার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা ওই আগুনে প্রতিষ্ঠানটির বহু মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে বিডি ফুডসের চারজন কর্মী আহত হয়। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয় বলে বলে পবন কুমার জানান।
দমকল বাহিনীর প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা হলেও বিডি ফুডস লিমিটেডের আইন কর্মকর্তা মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, আগুনে মৎস্য হিমায়িত প্রক্রিয়াজাত করণের একটি বিশেষায়িত প্ল্যান্ট পুরোপুরি এবং ৩৫০ টন হিমায়িত মাছ ও সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24