ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঠিক আধা ঘণ্টা আগেই একই বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
দুটি সংবাদ সম্মেলনই হবে শনিবার বিকালে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী বিকাল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হবে।
বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলন করবেন তার গুলশানের কার্যালয়ে।
এটি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে বলে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, ওই সফর ব্যর্থ হয়েছে।
সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24